Monday, 16 September 2013

শোনো শোনো মোনাজাত 

খোদা এই গরীবের শোনো শোনো মোনাজাত
দিও তৃষ্ণা পেলে ঠান্ডা পানি, ক্ষুধা পেলে লবন- ভাত।।

মাঠে সোনার ফসল দিও
গৃহ ভরা বন্ধু প্রিয়,
আমার হৃদয় ভরা শান্তি দিও
সেই ত আমার আবেহায়াত।।

আমায় দিয়ে কারো ক্ষতি হয় না যেন দুনিয়ায়
আমি কারুর ভয় না করি, মোরে কেহ ভয় না পায়।

(যাবে) মসজিদে যাই তোমার টানে
(যেন) মন নাহি যায় দুনিয়া - পানে,
(আমি) ঈদের চাঁদ দেখি যেন
আসলে দুখের আঁধার রাত।।

-কাজী নজরুল ইসলাম-


Tuesday, 3 September 2013

হে খোদা দয়াময় রহমান রহিম

হে খোদা দয়াময় রহমান রহিম
হে খোদা দয়াময় রহমান রহিম
হে বিরাট, হে মহান, হে অনন্ত অসীম।।

নিখিল ধরণীর তুমি অধিপতি
তুমি নিত্য ও সত্য পবিত্র অতি
চির অন্ধকারের তুমি ধ্রুব- জ্যোতি
তুমি সুন্দর মঙ্গল মহামহিম।।

তুমি মুক্ত স্বাধীন বাধা- বন্ধনহীন
তুমি এক তুমি অদ্বিতীয় চিরদিন
তুমি সৃজন- পালন- ধ্বংসকারী
তুমি অব্যয় অক্ষয় অন্ত- আদিম।।

আমি গুনাহগার পথ অন্ধকার
জ্বালো নুরের আলো নয়নে আমার
আমি চাইনা বিচার হাশরের দিন
চাই করুনা তোমারি ওগো হাকিম।।

-গোলাম মোস্তফা-


খোদা মহিয়ান


খোদা মহিয়ান, দয়ালু মহান,
এসো গাই আল্লাহর গান।
তাহার সৃষ্টি তামাম জাহান।।
নদী-নালা ঝর্ণাধারা,
সবই তাঁর হাতের ইশারা।

পশু পাখি ফুল, ফেরেশতা কুল।
সবে গায় তাঁর গুনগান।।
খোদার ঐ ভুবনখানা,
যত আছে জানা-অজানা।
এই নামে গায়, সুর মিলায়।

জপে তারা আল্লাহ মহান।।
“লা-শরীক আল্লাহ” তা’লা,
গলে দিয়ে সে নামের মালা।
সবই ভুলে যাই, তাঁর চরণে লু্টাই।
তাঁর তরে সবই কোরবান।।

© কাজী নজরুল ইসলাম ।